ডিজিটাল বাংলাদেশ মেলা মঞ্চে জয়

১৬ জানুয়ারি, ২০২০ ১০:৩০  
‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ স্লোগানে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শুরু হলো তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা।এই জাতীয় মেলার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উৎসব। সকাল পৌনে দশটায় মেলা প্রাঙ্গনের হল অব ফেমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবের উদ্বোধন করতে এর কিছুক্ষণ আগে অনুষ্ঠান স্থলে পৌঁছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়। অনুষ্ঠান স্থলে তাকে স্বাগত জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। কোরআন তেলওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের পর লেজার শো উপস্থাপন করার পর সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী মঞ্চে ওঠেন অতিথিরা। মঞ্চে জয়কে ফুল দিয়ে বরণ করেন মন্ত্রী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে এই মেলা উদযাপনে ভূমিকা রাখছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি।